শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ইউটিউবারের!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ভিন্‌জাতে বিয়ে করার কারণে দীর্ঘদিন ধরে হেনস্থার অভিযোগ। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই কি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ইউটিউবার, ‘বিগ বস’-খ্যাত প্রতিযোগী অনুরাগ ডোভাল?

খবর অনুযায়ী, শনিবার সমাজমাধ্যমে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন অনুরাগ ডোভাল। দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে প্রায় ১৫০ কি.মি গতিতে গাড়ি চালাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত বড় দুর্ঘটনার শিকার হন।

গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বেঁচে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আরেক নেটপ্রভাবী দীপক কাঠুরিয়া।

সেখান থেকেই লাইভে এসে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতর অনুরাগকে। দীপক তাঁর হাত ধরে বলেন, “দ্বিতীয় জন্ম হল আপনার। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে হাসুন।” তাঁর অনুরোধে অনুরাগের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটে ওঠে।

পরে বিগ বস ১৭–এ অংশ নেওয়া কয়েকজন প্রতিযোগীও হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন এবং সামাজিক মাধ্যমে লাইভে এসে দ্রুত সুস্থতার কামনা জানান।

অনুরাগের সহকারী রোহিত পাণ্ডে হাসপাতালে থেকে জানান, প্রত্যক্ষদর্শীরা দ্রুত সাহায্য না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

তিনি বলেন, “আপনারা না থাকলে অনুরাগ প্রাণ ফিরে পেতেন না। আপনাদের জন্যই আমরা ওকে ফিরে পেয়েছি।”

রবিবার তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার আগে এক লাইভ ভিডিওতে অনুরাগ নিজের মাকে উদ্দেশ করে বলেন, “মা, যদি পরের জন্মে তোমার কাছে আসি, তা হলে শুধু ভালোবাসা দিও।”

এরপরই গাড়ির গতি বাড়িয়ে বলেন, “চলো, শেষ ড্রাইভে যাই।” ভিডিওটি দুর্ঘটনার পরই শেষ হয়ে যায়।

সোশ্যাল মিডিয়াতে ‘রাইডার’ নামে পরিচিত এই ইউটিউবারের দাবি, ছোটবেলা থেকেই তিনি নানা ধরনের হেনস্থার শিকার। সম্প্রতি তিনি ভিন্ন জাতের মেয়ে ঋতিকাকে বিয়ে করেছেন, যা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে তাঁর অভিযোগ।

তবে অনুরাগের ভাই কামাল ডোভাল ভিন্ন দাবি করেছেন। তার বক্তব্য, অনুরাগ নাকি অনেক সময়ই দৃষ্টি আকর্ষণের জন্য এমন কাজ করেন। তিনি আরো অভিযোগ করেন, স্ত্রী ঋতিকার ওপরও নাকি হাত তুলেছিলেন অনুরাগ।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনুরাগকে ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ তার দ্রুত সুস্থতা কামনা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন পুরো ঘটনার সত্যতা নিয়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD