শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি পৌঁছেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। ইতোমধ্যে তাদের দিল্লি পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ নয়াদিল্লিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে উষ্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যার শক্তি দুই দেশের মানুষের সম্পর্কের মধ্যে নিহিত।

এই সফর ভারত-বাংলাদেশ অংশীদারত্বকে আরও জোরদার করবে।

সফরসূচি অনুযায়ী, ৮ এপ্রিল ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি তিনি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে। আলোচনার টেবিলে থাকছে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও সীমান্ত হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

এ ছাড়া বাংলাদেশি নাগরিকের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু করা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে প্রত্যার্পণ এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে পলাতক ও মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে শীর্ষ নেতাদের সফর বিনিময় এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিয়ে আলোচনা হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD