শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

এক দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার অবৈধ মজুদ ভোজ্যতেল জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী সমন্বিত অভিযান চালিয়ে এক দিনেই ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার অবৈধ মজুদ ভোজ্যতেল জব্দ করেছে র‌্যাব। ২০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মজুদ ভোজ্যতেল জব্দ করা হয়। এসময় বিভিন্ন অপরাধে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ফেনীর ইসলাম রোড এলাকায় একটি তেলের গুদামে অবৈধ মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ও পুরানা পল্টন এলাকায় বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ ও বেশি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। যশোরের কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুরে দুটি প্রতিষ্ঠানকে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুদের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ঢাকার সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে অভিযান চালিয়ে বড় ধরনের অনিয়ম না পেলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শ্যামপুরের জুরাইন বাজারে পৃথক অভিযানে ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুদের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুদ রাখার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে অবৈধ উৎপাদন, মজুদ, ভেজাল লেবেলিং এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়।

র‍্যাব জানায়, বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD