রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

চার সিটিতে হামের টিকাদানের তারিখ ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর রোববার (১২ এপ্রিল) থেকে বাড়ানো হয়েছে। ঢাকার দুই সিটি , ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। পরবর্তীতে আগামী ২০ এপ্রিল থেকে এ কার্যক্রম সারা দেশে শুরু হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাম প্রতিরোধে দেশে গত ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন থেকেই ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রদান চালু করা হয়। সাম্প্রতিক প্রাদুর্ভাবে যেসব এলাকায় সংক্রমণ তুলনামূলক বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ কর্মসূচির অধীনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্বে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা গ্রহণ করা যাবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD