রকেটের মাধ্যমে আটটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন। মঙ্গলবার (১৪ এপ্রিল) লিচিয়ান-১ ওয়াই ১২ বাহক রকেট থেকে উপগ্রহগুলো পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।
সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার বেইজিং সময় দুপুর ১২টা ৩ মিনিটে উত্তর-পশ্চিম চীনের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবনী পরীক্ষামূলক অঞ্চল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর রকেটটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে আটটি স্যাটেলাইট স্থাপন করে।
এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ইয়াংচিয়াং শহরের উপকূলবর্তী জলভাগ থেকে স্মার্ট ড্রাগন-৩ ক্যারিয়ার রকেটের মাধ্যমে একটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এটি সফলভাবে তার নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওই অফশোর উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করে তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র। এটি ছিল এসডি-৩ রকেটের ১১তম মিশন, যা চীনের বাণিজ্যিক উৎক্ষেপণ সক্ষমতার ধারাবাহিক অগ্রগতি।
৩১ মিটার দৈর্ঘ্য এবং প্রায় ১৪০ টন ওজনের এসডি-৩ রকেটটি চীনের ড্রাগন রকেট সিরিজের অন্তর্ভুক্ত। দেশের মহাকাশ কর্মসূচির মূল ভিত্তি হিসেবে পরিচিত লংমার্চ রকেটের তুলনায় ড্রাগন সিরিজটি ভিন্ন উদ্দেশ্যে নির্মিত। বিশেষ করে ছোট বাণিজ্যিক নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট এবং স্যাটেলাইট নেটওয়ার্ক উৎক্ষেপণের ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে এ সিরিজটি তৈরি করা হয়েছে।