শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস।

এ সময় তার সঙ্গে ছিলেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। সাক্ষাতে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক ও কার্যকরী আলোচনা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও শিল্পখাতে বাটা’র দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন। তিনি বাটা’র অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তা করার কথা জানান।

এ সময় বাটা’র গ্লোবাল সিইও প্যানোস মাইটারোস বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা, ফুটওয়্যার শিল্পের বিকাশ এবং এইখাতে বাটা’র ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি, তিনি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় বাটা’র সামাজিক উদ্যোগও গুরুত্ব পায়।

বিশেষ করে ‘বাটা চিলড্রেনস প্রোগ্রাম’-এর মাধ্যমে শিশুদের জন্য গৃহীত কার্যক্রম এবং দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ’র অর্থ পরিচালক, ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক, মালিক মেহেদী কবির।

বাটা বাংলাদেশ জানায়, প্রতিষ্ঠানটি দেশের মানুষের জন্য বিশ্বমানের কমফোর্ট প্রযুক্তি, ইনোভেটিভ ও সাশ্রয়ী পণ্যসামগ্রী নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর প্রদত্ত সময়, সহযোগিতা ও উৎসাহের জন্য বাটা কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD