মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায়, তবে তিনি কোনো ‘তাড়াহুড়ো’ করছেন না। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তো একেবারে প্রচলিত উপায়েই তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করা উচিত নয়।’
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির জন্য কতদিন অপেক্ষা করতে রাজি—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাকে তাড়া দেবেন না।’
তিনি দাবি করেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরান হয়তো কিছুটা অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে, তবে মার্কিন সামরিক বাহিনী চাইলে একদিনেই তা ধ্বংস করতে সক্ষম।
ট্রাম্প বলেন, ‘তাদের নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই… হয়তো এই বিরতির সময় তারা কিছুটা শক্তি সঞ্চয় করেছে, কিন্তু যদি করে থাকে, আমরা একদিনেই তা গুঁড়িয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘আমি সেরা চুক্তিটাই করতে চাই। আমি এখনই একটি চুক্তি করতে পারি… কিন্তু আমি সেটা চাই না। আমি চাই এমন একটি চুক্তি, যা দীর্ঘস্থায়ী হবে।’