রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস

সারাদেশে বইতে থাকা মৃদু তাপপ্রবাহের অস্বস্তির মাঝে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

​আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

​শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃষ্টির ব্যাপ্তি আরও বাড়তে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।

​তবে এখনই তাপপ্রবাহ পুরোপুরি বিদায় নিচ্ছে না। বর্তমানে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD