প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে এই দেশ থেকে।
এখন আমাদের সামনে কাজ করতে হবে, আমাদেরকে এখন দেশকে গড়তে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা গত কিছু দিন যাবত খেয়াল করে দেখছি এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
নির্বাচনের সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল। আপনারা পেয়েছেন কোনো টিকিট-ফিকিট? টিকিট পাননি আপনারা। কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা স্বয়ং বলেছেন-তোমরা তোমাদের কাজটা করো, আমি আমারটা দেখবো। আল্লাহ বলেছেন- যে জাতি নিজে পরিশ্রম করে, আমি তাদেরকে সহযোগিতা করি, কিন্তু বসে বসে কোনো কাজ হয় না।