দেশের কয়েকটি অঞ্চলে সকালেই আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সকাল ৯টার মধ্যে তীব্র ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ২টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে।
এ ছাড়া পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।