জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ খাতের সংকট ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে কোনো ‘অব্যস্থাপনা’ হয়নি, হয়েছে লাগামহীন দুর্নীতি ও পরিকল্পিত চুরি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
গত সপ্তাহে সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের সূত্র ধরে পার্থ উল্লেখ করেন, ‘ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনা’ শব্দটি এই ভয়াবহ লুণ্ঠনের তুলনায় অত্যন্ত নরম ও মৃদু একটি শব্দ।
মূলত বাপেক্সকে সম্পূর্ণ পাশ কাটিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রত্যক্ষ মদদে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। এরপর কুইক রেন্টালের নামে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা হয়েছে, যার বোঝা এই জাতি এখনো বয়ে বেড়াচ্ছে।
তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে পার্থ বলেন, বর্তমানে কেন তরুণ সমাজ বারবার কেবল জুলাইয়ের ৩৬ দিনের গণঅভ্যুত্থানের কথাই বলে, তার কারণ আমাদের অনুধাবন করতে হবে। ২০০৮ থেকে গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ যে অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে, তা আমরা তরুণদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি।
তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান অনেক সংসদ সদস্যের বয়স যখন মাত্র ১০ বছর ছিল, তখন শেয়ারবাজারের দরবেশের কবলে পড়ে ৩০ লাখ মানুষ ফকির হয়েছে। বিডিআর পিলখানা হত্যাকাণ্ড কিংবা শাপলা চত্বরে আলেম-ওলামাদের যেভাবে অপমান করা হয়েছে, সেই ক্ষতগুলো আজকের প্রজন্ম হয়তো সেভাবে ফিল করে না। ইয়াবাসম্রাট বদি কিংবা মমতাজের মতো ব্যক্তিদের এই পবিত্র সংসদে বসিয়ে সংসদকে কলঙ্কিত করা হয়েছিল, যা তরুণদের জানানো অত্যন্ত জরুরি।