জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে।
সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। এখন নবম ওয়েজ বোর্ড চলছে কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয়নি। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব।
আজ (মঙ্গলবার) বিকেলে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ বলেন, অনেক গণমাধ্যমে সাংবাদিকরা নিয়মিত বেতন পান না।
অতীতে কিছু গণমাধ্যম কর্মী অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হননের ঘটনা ঘটিয়েছেন। তিনি এ বিষয়ে জবাবদিহিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যেসব সাংবাদিক ওয়ান ইলেভেনের ঘটনাপ্রবাহে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ রয়েছে, তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত।
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, যারা আমাকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল— সেই সমস্ত সাংবাদিকদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা দরকার।
জাতীয় সংসদের হুইপ বলেন, আমরা দেশের জন্য রাজনীতি করি, আমার সন্তানরা আজকে ভয়ে রাজনীতির সাহস করে না, যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ ও শেখ হাসিনা দিয়ে গেছে। আমাদের সন্তানদের আজ সেই ভয়টা কাটানোর সুযোগ এসেছে।