শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করার মাধ্যমে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় স্পিকারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ২৫ কার্যদিবসের এই অধিবেশনের সমাপ্তি ঘটে।

গত ১২ মার্চ এই সংসদের যাত্রা শুরু হয়েছিল। অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সমাপনী বক্তব্য দেন।

বৃহস্পতিবার (আজ) সংসদ অধিবেশনের বিকেলের অংশে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সকালে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সমাপনী ভাষণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হতে যাচ্ছে। সংসদ পরিচালনায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

দীর্ঘ ১৮ বছর পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

অধিবেশনে স্পিকার উল্লেখ করেন যে, বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এ বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থান পাওয়া বাংলাদেশের জন্য এক বড় আন্তর্জাতিক স্বীকৃতি। জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে এই অনন্য অর্জনে অভিনন্দন জানানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD