সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সবাই মিলে কাজ করলে ৬ মাসেই ঢাকা বদলে যাবে : ডিএসসিসি প্রশাসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসেই বদলে যাবে ঢাকা শহর। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি নিজ নিজ আঙিনা পরিষ্কারে এগিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা একটি আধুনিক ও সবুজ নগরীতে পরিণত হবে।

শনিবার (৯ মে) ডিএসসিসিতে একযোগে ‘ক্লিনিং ডে’ উদ্বোধনে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর প্রতিটি বাড়ি, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ সব জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলবে। এছাড়া, সরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতি মাসের প্রথম সপ্তাহে অফিস চলাকালীন যে কোনো একদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সব রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের সদস্যদের এই মহৎ কাজে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

প্রশাসক আরও বলেন, এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কলাবাগান ও মালিবাগের মতো পর্যায়ক্রমে পুরো শহরের সব সেকেন্ডারি বর্জ্য হস্তান্তর কেন্দ্রগুলোকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত করা হবে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডিএসসিসির ‘ক্লিনিং ডে’ নাগরিকদের মধ্যে উত্তম চর্চার প্রসার ঘটাতে এবং পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়তে সহায়ক হবে আশা করছি।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণার পর আজ ছিল এর প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা শুরু হয়েছে। ডিএসসিসির ১০টি অঞ্চলেই একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। প্রতিটি অঞ্চলে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে এই কর্মসূচির নেতৃত্ব দেন। এতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD