রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সমুদ্রে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টিপাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার (১১ মে)-র মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সঙ্গে কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আগামী ১৩ ও ১৪ মে থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। রাজধানীতে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তরের অপর পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD