বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

কবে ফিরবে বাংলার জয়যাত্রা, যা বললেন বিএসসির এমডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
কবে ফিরবে বাংলার জয়যাত্রা, যা বললেন বিএসসির এমডি

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ বাংলার জয়যাত্রা দীর্ঘদিন ধরে বিদেশি বন্দরে আটকে রয়েছে।

জাহাজটির বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১২ মে) ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বিদেশি বন্দরে আটকে থাকা বাংলার জয়যাত্রা জাহাজ ঘিরে কিছু ইতিবাচক দিক থাকলেও জটিলতা এখনো কাটেনি। জাহাজটি থেকে নিয়মিতভাবে ভাড়া আদায় হচ্ছে এবং নাবিকদের বেতন, খাদ্য, পানি ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। একই সঙ্গে জাহাজটিকে নিরাপদে ফেরাতে নৌপরিবহন মন্ত্রণালয় ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও সমন্বিত প্রচেষ্টা চলছে।

তবে টোল প্রদান সংক্রান্ত আইনি ও কূটনৈতিক জটিলতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি এবং চলমান নিরাপত্তা পরিস্থিতি সিদ্ধান্ত গ্রহণকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি ক্রু পরিবর্তন ও ভবিষ্যৎ অপারেশন পরিকল্পনা নিয়েও প্রাথমিক পর্যায়ে কাজ চলছে বলে জানানো হয়েছে।

কমোডর মাহমুদুল মালেক বলেন, “বাংলার জয়যাত্রা জাহাজটি দীর্ঘদিন ধরে আটকে আছে। মনের মধ্যে অনেক কষ্ট। সর্বোচ্চ চেষ্টাও করেছি। তবে কিছু পজিটিভ সাইন আছে। পজিটিভ সাইন হচ্ছে, এখন পর্যন্ত একদিনও ভাড়া মিস হয়নি। প্রতিদিন ১৬ লাখ টাকা করে ভাড়া পাচ্ছি। আমরা তিনবার বের হওয়ার চেষ্টা করেছি। এরপর কার্গো লোড করেছি। অন্য সব জাহাজে ডলারে যেভাবে বেতন দেওয়া হয়, এই জাহাজেও অতিরিক্ত ডলার দিয়ে ক্রুদের বেতন দেওয়া হচ্ছে। গত সপ্তাহে ২০০ টন পানি দেওয়া হয়েছে। তার আগেও দেওয়া হয়েছে। দুই মাসের ফ্রেশ খাবার দেওয়া হয়েছে। বিশেষ করে প্রচুর পরিমাণে সাইট্রাসজাতীয় খাবার সরবরাহ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সোমবার (১১ মে) আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রত্যেক নাবিকের সঙ্গে কানেক্টেড হয়েছি। সবার সঙ্গে কথা বলছি। কূটনৈতিক চ্যানেল সিরিয়াসলি কাজ করছে। তারা আমাদের কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত চেয়েছে। মাঝখানে তারা আমাদের কাছে টোলও চেয়েছিল। কিন্তু টোল দেওয়া যাবে না। টোলের টাকার কোনো সমস্যা নেই, টাকা রেডি আছে। চার্টারার টাকাও দিতে রাজি আছে।”

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD