সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম-কাদা ছুড়ে হেনস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম-কাদা ছুড়ে হেনস্থা

পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শনিবার শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তার জামা ছিঁড়ে দেওয়া হয়, ছোড়া হয় ডিম আর কাদা। তাকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে এক নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক। ওই বাড়িতে পৌঁছানোর আগে থেকেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান বহু মানুষ।

এক পর্যায়ে তাকে ঘিরে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে মানুষের ধস্তাধস্তি শুরু হয়। ওই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীদের মধ্যে দিয়েই একটি মোটরসাইকেলে চেপে এগোনোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে বহু মানুষ তাকে শারীরিক ভাবে নিগ্রহ করছেন দেখা গেছে, নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে রেখেছেন। বহু মানুষ তার উদ্দেশ্যে ‘চোর চোর’ বলে স্লোগান দিচ্ছিলেন।

একজন কেউ তার মাথায় একটা নীল হেলমেট পরিয়ে দিচ্ছেন, সেটাও দেখা গেছে। এই পর্যায়েই তার দিকে ভিড়ের মধ্যে থেকে কেউ ডিম ছুড়ে মারে।

অভিষেক সাংবাদিকদের বলেছেন, “দেখুন… আপনারাই দেখুন। আমার কী হাল করেছে। এটাই এদের গণতন্ত্রের নমুনা। হেলমেট ছিল বলে আমার মাথাটা বেঁচে গেছে। আমার চশমা ভেঙে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছে… কী অবস্থা করেছে দেখুন।”

“কী অবস্থা করেছে দেখেছেন? পুলিশকে আগেই জানানো হয়েছিল বহিরাগতরা জড়ো হয়েছে,” সংবাদমাধ্যমকে বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময়েও উপস্থিত মানুষ তাকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখান।

অভিষেক অসুস্থ বোধ করায় তাকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঙ্গে দেখা করতে আসেন মমতা ব্যানার্জী। তৃণমূল কংগ্রেসের অনেক নেতানেত্রীও হাসপাতালে গিয়েছিলেন। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, “শাসকই এখন ঘাতক।”

এদিকে বিজেপি বলেছে, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই। পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেছেন, “এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটা মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ। আমরা সংযত আছি বলেই তৃণমূল রয়েছে।”

“আজ যদি তৃণমূল ক্ষমতায় ফেরত আসত, তাহলে আমরা কথা বলার অবস্থায় থাকতাম না। আর কংগ্রেস বা সিপিআইএম ক্ষমতায় এলে যিনি এত কথা বলছেন তিনি কিছু বলার মতো অবস্থায় থাকতে পারতেন না।”

সূত্র : বিবিসি বাংলা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD