সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা তুলে ধরার পাশাপাশি তার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করেছেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন চমক।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। পর্বটির শিরোনাম ‘বেগম খালেদা জিয়া’।
ভিডিওটির ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প, যাকে তিনি গণতন্ত্রের মা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেছেন।
ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন লোকেশনে ও স্টুডিওতে ধারণ করা হয়েছে ভিডিওটির দৃশ্য। সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার সাজ, পোশাক ও উপস্থাপনার ধরন খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে অনেকটাই মিলে যাওয়ায় বিষয়টি দর্শকদের নজর কাড়ে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কমেন্ট বক্সে অনেকেই চমকের সাজ ও অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, চমককে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। আবার কারও মন্তব্য, এমন নিখুঁতভাবে এর আগে খালেদা জিয়ার অবয়ব উপস্থাপন করতে কাউকে দেখা যায়নি।
একজন নেটিজেন চমকের প্রশংসা করে লিখেছেন, ‘চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী।’
আরেকজনের মন্তব্য, ভিডিওটি দেখে কিছু সময়ের জন্য মনে হয়েছে যেন সত্যিই খালেদা জিয়াকে দেখা যাচ্ছে।
এর আগে চলতি বছর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর কয়েক বছর বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও নিয়মিত সময় দিচ্ছেন চমক। তার নতুন ভ্লগে খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়ার বিষয়টি সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এনেছে এই অভিনেত্রীকে।