ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে সিরিয়ার আলোচনা স্থবির হয়ে আছে বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা আবার কবে শুরু হবে, সে বিষয়ে কোনো তারিখ নির্ধারণ হয়নি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শাইবানি বলেন, ‘আমরা বর্তমানে ইসরায়েলকে বিশ্বাস করি না।’
ইসরায়েল গত সপ্তাহে সিরিয়ার আবু আল দুহুর বিমানঘাঁটিতে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দামেস্ক আশা করছে শিগগিরই আলোচনা আবার শুরু হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর ক্রমাগত চাপ দিচ্ছে, যাতে তারা আলোচনার টেবিলে ফিরে আসে।
ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তির ওপর নির্ভর করছে বলেও অভিযোগ করেন আল শাইবানি। তার দাবি, এ ধরনের শক্তি প্রয়োগে ইসরায়েল সফল হয়নি।
তিনি বলেন, ‘ইসরায়েল কঠোর সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। সিরিয়া সমঝোতা, শান্তি ও কূটনীতির জন্য হাত বাড়িয়ে দিচ্ছে।’
ইসরায়েল-সিরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চললেও সাম্প্রতিক সামরিক হামলার কারণে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স