মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী একদিনেই ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান রাজধানীতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র
দাবির চাপে গভীর সংকটে প্রগ্রেসিভ লাইফ

নতুন পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

গ্রাহকদের বীমা দাবি ১৬৯ কোটি ৯০ লাখ টাকা। এর বিপরীতে পরিশোধ করা হয়েছে মাত্র ১০ কোটি ৬৭ লাখ টাকা। বাকি ১৫৯ কোটি ২৩ লাখ টাকা বা মোট দাবির ৯৩ দশমিক ৭২ শতাংশই অনিষ্পন্ন। অন্যদিকে, ভবিষ্যতের দাবি ও মেয়াদ পূর্তির অর্থ পরিশোধের জন্য সংরক্ষিত জীবন বীমা তহবিলে রয়েছে মাত্র ৬৪ কোটি ৮০ লাখ টাকা। এমন আর্থিক সংকটের মধ্যে এবার নতুন পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞার মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

গ্রাহকদের পাওনা পরিশোধে সরকারি ট্রেজারি বন্ড মেয়াদ পূর্তির আগে নগদায়ন ও শেয়ার বিক্রি করে এরই মধ্যে ৬ কোটি ২৭ লাখ টাকা লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির। এ ক্ষতি এড়াতে এবার রাজধানীর আফতাবনগরে নিজেদের জমি বিক্রি করে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। তবে দাবি পরিশোধের অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা না হওয়া পর্যন্ত নতুন পলিসি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ২ নভেম্বর কর্তৃপক্ষের পরিচালক দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত নির্দেশনায় বীমা আইন, ২০১০-এর ৫০(১)(ঙ) ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর। নির্দেশনা অনুযায়ী, সরকারি ট্রেজারি বন্ড নগদায়ন করে পাওয়া ১০ কোটি টাকা অথবা স্থায়ী সম্পদ বিক্রি থেকে পাওয়া ১৫ কোটি টাকা গ্রাহকদের দাবি পরিশোধের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা না হওয়া পর্যন্ত নতুন পলিসির প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহ করতে পারবে না কোম্পানিটি।

আইডিআরএর যুক্তি, বিপুল পরিমাণ দাবি বকেয়া থাকা অবস্থায় নতুন ব্যবসা বাড়ালে কমিশন ও অন্যান্য অর্জন ব্যয় বাড়বে। এতে বিদ্যমান গ্রাহকদের পাওনা পরিশোধ আরও বাধাগ্রস্ত হতে পারে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বকেয়া দাবি পরিশোধে অর্থ সংগ্রহের জন্য ঢাকার কাকরাইলের নাভানা রহিম আর্ডেন্টের ফ্ল্যাট ও পার্কিংয়ের জায়গা, বিজয়নগরের ইস্টার্ন আরজু কমপ্লেক্সের বাণিজ্যিক জায়গা এবং আফতাবনগর ও মৌলভীবাজারের জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব সম্পদ বিক্রির জন্য দরপত্র আহ্বান করে গত ২২ সেপ্টেম্বরের মধ্যে দরপ্রস্তাব জমা দিতে বলা হয়।

আইডিআরএতে পাঠানো ২৮ অক্টোবর ও ১ নভেম্বরের দুটি চিঠিতে কোম্পানিটির আর্থিক সংকটের আরও বিস্তারিত চিত্র তুলে ধরেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাইদুল আমিন। তিনি জানান, আগের নির্দেশনা অনুসারে ১৮ কোটি ৫০ লাখ টাকার সরকারি ট্রেজারি বন্ড মেয়াদ পূর্তির আগে নগদায়ন করতে গিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকা লোকসান হয়েছে। পাশাপাশি ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লোকসানে বিক্রি করায় ক্ষতি হয়েছে আরও ৪ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে নিট আর্থিক ক্ষতি ৬ কোটি ২৭ লাখ টাকা।

কোম্পানিটির আশঙ্কা, মেয়াদ পূর্তির আগে বারবার ট্রেজারি বন্ড নগদায়ন করলে আরও বড় অঙ্কের মূলধনি লোকসান হতে পারে। এতে আর্থিক সক্ষমতা দুর্বল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে গ্রাহকদের দাবি পরিশোধের ভিত্তিও ঝুঁকিতে পড়বে। অতিরিক্ত ১০ কোটি টাকার বন্ড নগদায়নের জন্য পরিচালনা পর্ষদের অনুমোদন, সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিলামে অংশগ্রহণ ও সর্বোচ্চ দর যাচাইসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে কোম্পানির দাবি, বন্ড নগদায়ন করে পাওয়া অর্থ দিয়ে গত ৩০ আগস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৪৯০ জন গ্রাহককে ১৩ কোটি ৬৮ লাখ ৪ হাজার ৪৫২ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এ ছাড়া বন্ডের অর্থের বাইরে আরও ২১৫ জন গ্রাহককে দেওয়া হয়েছে ১ কোটি ৯ লাখ ৯২ হাজার ৮৩১ টাকা। সব মিলিয়ে এ সময়ে ৩ হাজার ৭০৫ জন গ্রাহককে প্রায় ১৪ কোটি ৭৮ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্রগ্রেসিভ লাইফ। দুর্বল আর্থিক ও পরিচালনগত অবস্থার কারণে বর্তমানে ‘জেড’ শ্রেণিভুক্ত কোম্পানিটি। ২০২০ সালের পর থেকে কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি।

এদিকে নতুন পলিসির প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহ বন্ধ থাকলেও বিদ্যমান গ্রাহকদের সেবা চালু থাকবে বলে জানিয়েছে আইডিআরএ। নির্দেশনায় বলা হয়েছে, পুরোনো পলিসির দ্বিতীয় ও পরবর্তী বছরের নবায়ন প্রিমিয়াম গ্রহণ, পলিসি-সংক্রান্ত অন্যান্য সেবা এবং বীমা দাবি নিষ্পত্তি কার্যক্রম যথারীতি চলবে।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সাইদুল আমিন কালবেলাকে বলেন, আইডিআরএর সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জমি বিক্রি ও তহবিল সংস্থানের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। ১৫ কোটি টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হলে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন ব্যবসা চালুর অনুমতি পুনর্বহালের আশা করছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD