পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর অন্যান্য জাহাজ নিয়ে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এই মহড়ার মাধ্যমে ওই অঞ্চলে অন্য দেশের সামরিক বাহিনীর প্রবেশ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু।
রয়টার্স জানায়, সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগরসহ আশপাশের এলাকায় চীনের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার খবরের পর তিনি এ কথা বলেন। গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দ্বীপটির আশপাশের আকাশ ও জলসীমায় নিয়মিত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠায় দেশটি।
গত সপ্তাহে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চীনের সামরিক তৎপরতার তথ্য প্রকাশ করেন। এতে বলা হয়, তাইওয়ানের উপকূল, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরে চীনের ১০০টির বেশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ চলাচল করছে।
একই সময়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বীপটির আশপাশে চীনের যুদ্ধবিমানের চলাচল অনেক বেড়েছে। তবে চীন আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক মহড়ার ঘোষণা দেয়নি।
মঙ্গলবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী কু। তিনি বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন সত্যিই সামরিক মহড়া চালিয়েছে। এতে লিয়াওনিং বিমানবাহী রণতরি এবং নৌবাহিনীর অন্য প্রশিক্ষণবহর অংশ নিয়েছে।
এই মহড়ার একটি উদ্দেশ্য হলো ‘অ্যান্টি-অ্যাকসেস/এরিয়া ডিনায়াল’ বা এ২এডি কৌশল বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া। এই কৌশলের মাধ্যমে কোনো সংঘাতে বাইরের দেশের সামরিক বাহিনীর প্রবেশ ঠেকানোর চেষ্টা করা হয়।
তাইওয়ানের ক্ষেত্রে এর অর্থ, চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলো যেন দ্বীপটির সহায়তায় এগিয়ে আসতে না পারে।
এ বিষয়ে জানতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত মাসে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, লিয়াওনিং বিমানবাহী রণতরির পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণ একটি নিয়মিত বার্ষিক কার্যক্রম। দূর সমুদ্রে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালানোর সক্ষমতা যাচাই করতে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই মহড়া চালানো হয় না বলেও জানিয়েছিল মন্ত্রণালয়টি।
আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আবারও বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব ঘটনার আগে চীনের এই সামরিক মহড়া চালানোর বিষয়টি সামনে এল। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী কু বলেন, চীনের সামরিক তৎপরতার ওপর নজর রাখছে তাদের সামরিক বাহিনী। তার মতে, এ ধরনের সামরিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।
তিনি আরো বলেন, চীনের তৎপরতা পর্যবেক্ষণে বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম একসঙ্গে চালানো হবে। পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে। এসব তথ্যের ভিত্তিতে চীনের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি ব্যবহারের পথ খোলা রেখেছে চীন। তবে দেশটি বলে আসছে, তারা শান্তিপূর্ণভাবে তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ চায়। অন্যদিকে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, তাইওয়ানের ভবিষ্যৎ কী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু দ্বীপটির জনগণের।