ঢাকার ধামরাইয়ে আবারও বাসে আগুন দেওয়া হয়েছে। টানা তিন রাত শেষে এটি চতুর্থবার বাসে আগুনের ঘটনা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধামরাইয়ের ঢুলিভিটা থেকে ইপিজেড এলাকার পোশাক কারখানার কর্মীদের পরিবহনে ব্যবহৃত হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে।
এ নিয়ে টানা চার রাতে ধামরাইয়ে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে একের পর এক আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খান বলেন, প্রাথমিক আলামতে ঘটনাগুলো নাশকতামূলক বলেই মনে হচ্ছে। গভীর রাতে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা বাসগুলোকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।