তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিক বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। এমন সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশব্যাপী খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেওয়া পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বিএনপির নির্বাচনি ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছিল।
মানবজাতি আজ বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি উল্লেখ করে রিজভী আরও বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনা থেকে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে। তিনি প্রত্যাশা করেন, পরিবেশ দূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অগ্রভাগে থাকায় আন্তর্জাতিক তহবিল ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে এই সম্মেলন।
তিনি বলেন, বিশ্ব উষ্ণায়ন এর কারণেই পৃথিবীতে আজ ভয়ঙ্কর গরম পড়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে মানবজাতি বিপন্ন অবস্থায় পড়েছে। এরকম একটা পরিস্থিতিতে তারেক রহমানের এই কনফারেন্সে যোগ দেওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা। এই কনফারেন্সের মাধ্যমে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের যে প্রভাব সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ কথা বলবেন এবং বিভিন্ন এক্সপার্ট যারা যাচ্ছেন তারাও কথা বলবেন এবং তার মধ্যে দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে।
রিজভী বলেন, আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হবে। এই ভয়ঙ্কর গ্লোবাল হিটিং থেকে বাঁচিয়ে গোটা পৃথিবীকে যেন বাসযোগ্য করে গড়ে তুলতে পারি, আমাদের আগের যে ক্লাইমেট ছিল স্বাভাবিকতার মধ্যে যেন ফিরে আনতে পারি এবং জলবায়ু পরিবর্তনের যে নির্দেশন গুলো আমরা দেখছি সেখান থেকে আমাদের পূর্বের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে পারি এ বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কনফারেন্স। কার্বন ডাই অক্সাইড নিরসনে বা প্রভাব কমাতে গ্লোবাল যে হিস্যা সেটা নিশ্চিত হবে। একটি দেশের আন্তরিক যে প্রচেষ্টা সেটি বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমান দেখিয়েছেন। সে থেকে দেশের আগ্রহ এবং সবকিছু মিলিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে পৃথিবী বাঁচানোর পরিস্থিতিতে তারেক রহমানের যে অবদান। সে অবদানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ন্যায্য হিস্যাটা বুঝে পাব এই সম্মেলনে বলেও মন্তব্য করেন তিনি।