সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

চেতনানাশক ট্যাবলেট, মুভ, নিক্সসহ অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কোরবানির ঈদ মানেই কোরবানির পশুর হাটকে ঘিরে বিশাল কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞে যেমন কোরবানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যস্ত হয়ে ওঠেন, তেমন ব্যস্ত হয়ে উঠে মলম পার্টি ওরফে অজ্ঞান পার্টিগুলোও। নানা কৌশলে পশুর বিকিকিনির অর্থ ব্যাপারী ও ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নেয় তারা। তেমনই একটি দলকে ২৭ জুলাই গ্রেপ্তার করেছে ডিবি লালবাগের কোতয়ালি জোনাল টিম। এক অভিযানে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির ৮ জন সক্রিয় সদস্যকে লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০০টি চেতনানাশক এপিট্রা-০.৫ ট্যাবলেট, ৪টি মুভের তরল স্প্রে বোতল, ৪টি নিক্স মলমের কৌটা, ৩০ গ্রাম মরিচের গুড়া জব্দ করা হয়।

লালবাগ বিভাগের উপ কমিশনার রাজীব আল মাসুদ বলেন, দলনেতা রানা সিকদার (২৮) এর নেতৃত্বে তার সহযোগী মো. জুম্মাত (২৪) এবং ভাড়া করা আরও ৬ জনসহ মহানগরীর ধোলাইখাল এলাকার পশুর হাটে আসা কোরবানির পশুর বেপারী ও সাধারণ ক্রেতাদের কৌশলে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুট করার জন্য লালবাগ এলাকায় সমাবেত হয়। তাদের সকলের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD