বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

পাকিস্তান ক্রিকেটের ‘বড় দায়িত্ব’ পাচ্ছেন শোয়েব আখতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সবশেষ ইংল্যান্ড সফরের মাঝামাঝি সময়েই জানা গিয়েছিল, দায়িত্ব কমছে সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের। বর্তমানে তিনি জাতীয় দলের হেড কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্বে থাকলেও, শিগগিরই অব্যাহতি দেয়া হবে নির্বাচক পদ থেকে।

সেই জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে ভাবা হচ্ছে এক সাবেক জাঁদরেল পেসারের কথা, এমনটাই জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষকর্তারা। তখনই ধারণা করা হয়েছিল, জাঁদরেল সেই পেসার হতে পারেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার। হলোও তাই!

শোয়েব আখতার নিজেই জানিয়েছেন পিসিবির সঙ্গে আলোচনা চলছে তার এবং শিগগিরই পেতে পারেন দেশের ক্রিকেটের বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব যে প্রধান নির্বাচকের, তা এখন পাকিস্তানের ক্রিকেটপাড়ায় ওপেন সিক্রেট। কেননা মিসবাহকে দায়িত্ব থেকে মুক্তির কথা যে আগেই জানিয়েছে বোর্ড।

পাকিস্তান ক্রিকেট দলের যেকোনো ইস্যুতে বরাবরই সরব দেখা যায় শোয়েব আখতারকে। ভালো হলে প্রশংসা যেমন করেন, তেমনি বাজে পারফরম্যান্সে ধুয়ে দিতেও ছাড়েন না সাবেক এই পেসার। এবার সবকিছু ঠিকঠাক থাকলে নিজের মনমতো দলই মাঠে নামাতে পারবেন শোয়েব।

পিসিবির সঙ্গে এ বিষয়ক কোনো আলোচনা চলছে কি না জানতে চাওয়া হলে ক্রিকেটবাজকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘আমি অস্বীকার করব না। হ্যাঁ, বোর্ডের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেটের বড় একটি দায়িত্ব নিতে আমি আগ্রহী। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি খুবই আরামদায়ক এক জীবন পার করছি। আমি নিজের মর্জিমতো ক্রিকেট খেলেছি এবং এখন নিজেকে শান্ত রেখেছি। তবে আমি এই আরাম ছেড়ে দিতে প্রস্তুত আছি এবং পিসিবির জন্য যেকোনো কিছুই করতে রাজি আছি। সুযোগ হলে আমি অবশ্যই সময় দেবো। আলোচনা চলছে, তবে এর বেশি কিছু আমি বলবো না। কারণ এখনও কিছুই ঠিক হয়নি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD