পৃথিবী ক্রমশই হয়ে উঠছে হিংস্র। উজাড় হচ্ছে বন, কাটা হচ্ছে গাছ, নিজেদের অভয়াশ্রম থেকে উচ্ছেদ হচ্ছে তারা। ক্রমাগত আবাসস্থল হারাতে থাকা সেই পাখিদের জন্য গাছের ডালে ১০ হাজার মাটির বাসা বসানোর কাজ শুরু হয়েছে। আর এই উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
আজ রোববার নিজ বাংলোতে থাকা গাছের ডালে ৫০টি বাসা বসিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। প্রাণ-প্রকৃতি-পরিবেশের অনন্য অংশীদার পাখিদের জন্য শুরু করেছেন অনন্য এ আয়োজন।
এ বিষয়ে জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে গাছের ডালে কিছু মাটির বাসা বসানোর কাজ শুরু করেছি। আগামী ছয় মাসে মোট ১০ হাজার বাসা বসানো হবে। পাখিদের নিরাপত্তার কথা চিন্তা করে শুরুতে আমরা সরকারি বিভিন্ন দপ্তর, সরকারি বাসভবনে এসব বাসা বসানো হবে বলেও জানান তিনি ।
এনভায়রনমেন্ট পিপল নামের একটা বেসরকারি সংস্থা জেলা প্রশাসনকে সহায়তা করছে বলেও জানান জেলা প্রশাসক।
এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, কক্সবাজারের অনন্য বাস্তুসংস্থান এখন হুমকির মুখে। আগের মতো প্রাণ-প্রকৃতি-পরিবেশের সেই অবস্থা নেই। এই অবস্থায় আমরা আশা করছি, আমাদের এই উদ্যোগে পাখিরা হয়তো ফিরে আসবে।
লাইটনিউজ