বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য শেষ হওয়া নির্বাচনে ৯৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো সভাপতি হয়েছেন কাজী সালাউদ্দিন। নির্বাচনে থাকা না থাকা নিয়ে নাটক করা সভাপতি প্রার্থী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট।স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে মাত্র এক ভোট পেয়েছেন শফিকুল ইসলাম মানিক।
নির্বাচনের আগে চমক দেখানো মানিক ভোটের লড়াইয়ে এমন হাতাশাজনক ফল নিয়ে বলেন, নির্বাচনের আগের রাতে বাদল রায় ফিরে আসাটাই নির্বাচন শেষ করে দিয়েছে। আমার তো একটা প্রত্যাশা ছিল কিন্তু বাদল দা’র জন্য ভোটাররা দ্বিধায় পড়ে অনেক ভোটার সালাউদ্দিন ভাইকে ভোট দিয়েছেন।
বাফুফে নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে মানিক আরও বলেছেন, নির্বাচনে অনেক কিছুই ঘটেছে। গিভ অ্যান্ড টেকের একটা বড় প্রভাব অবশ্যই ছিল। সালাউদ্দিন সাহেব ও তার লোকজন নির্বাচনের ব্যাপারে অভিজ্ঞ। সেই অভিজ্ঞতাকেই তারা কাজে লাগিয়েছেন।
বাফুফের কাউন্সিলর না হওয়ায় নিজের ভোটটাই দিতে পারেননি মানিক। শুধু তাই নয়, শনিবার দুপুর ২টা থেকে সোনারগাঁ হোটেলে ভোট শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হলে গণনা শুরু হয়। ভোট গণনার সময় সেখানে থাকতে দেয়া হয়নি মানিককে।
এ ব্যাপারে সাবেক এই তারকা ফুটবলার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যখন ভোটগ্রহণ চলছিল তখন সেখানে যাওয়ার অনুমতি আমার ছিল না। কিন্তু ভোট গণনার সময় একজন প্রার্থী হিসেবে আমার সেখানে অবশ্যই উপস্থিত থাকা উচিত ছিল। কারণ ভোট গণনা ঠিক হচ্ছে কিনা, কে দেখবে? নির্বাচনে আমার তো কোনো প্রতিনিধি ছিল না। তাই চেয়েছিলাম সেখানে উপস্থিত থাকতে কিন্তু আমাকে বের করে দিয়ে অবিচার করেছে।
লাইটনিউজ