৯১২ বছর বয়স, তবুও এতটুকু কুঁজো হয়নি। এর ছুটে চলায় বাঁধা হতে পারেনি দুটো বিশ্বযুদ্ধ কিংবা নানা দুর্যোগ-মহামারি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এর গৌরবের ছটা, সাফল্যের দ্যুতি। বলছি, বিশ্বখ্যাত বোলোগনা বিশ্ববিদ্যালয়ের কথা।
ইতালির বোলোগনা শহরে ১০৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টি। ৯১২ বছর ধরে শিরদাঁড়া উঁচিয়ে দাঁড়িয়ে আছে সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের খেতাব নিয়ে।
প্রতিষ্ঠার পর থেকেই ১২ ও ১৩ শতকে ধর্মশাস্ত্র ও নাগরিক আইন শিক্ষার মূলকেন্দ্র হিসেবে ইউরোপের শিক্ষানুরাগীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনও হয়ে ওঠে অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য আদর্শ।
শুরুর দিকে বোলোগনার ছাত্র হতে পারতো মূলত প্রাপ্তবয়স্ক পুরুষেরা। বিশ্ববিদ্যালয়টি থেকে তখন তাদের আইনশাস্ত্র ও ধর্ম শাস্ত্রের ওপর স্নাতক ডিগ্রি দেওয়া হতো। পরে ১২ শতকে এসে সেখানে চিকিৎসা ও দর্শনশাস্ত্রে পাঠদান শুরু হয়। বরাবরের মতোই তাদের চিকিৎসাশাস্ত্রও খ্যাতি লাভ করে পৃথিবীজুড়ে। রোমান সাম্রাজ্যের পতনের পর তারাই প্রথম ইউরোপে মানুষের ব্যবচ্ছেদের প্রক্রিয়া অনুশীলন ও গবেষণা শুরু করে।
বিশ্ববিদ্যালয়টি নারীদের শিক্ষক ও শিক্ষার্থী হওয়ার প্রথম স্বীকৃতি দেওয়ার কৃতিত্বও অর্জন করে। ১৭৩২ সালে বোলোগনার সিনেট ‘লোরা বাসি’ নামে তাদের এক মেধাবী ছাত্রীকে দর্শনশাস্ত্রে ডিগ্রি দেন। পরে তাঁকে পদার্থবিজ্ঞানের (তৎকালীন সময়ে সেটি প্রাকৃতিক দর্শন হিসাবে পরিচিত ছিল) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সময়ে নারীরা সাধারণত বৌদ্ধিক পেশা ও শিক্ষা থেকে বঞ্চিত ছিল। তেমন সময়েই ‘লোরা বাসি’ বোলোগনার ইনস্টিটিউট ফর সায়েন্সেস একাডেমির প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।
বোলোগনা বিশ্ববিদ্যালয় আরেকটি কারণে আলাদাভাবে পরিচিত, সেটি হলো তার স্থাপত্য ঐতিহ্য। ইতালির পুরাতন স্থাপত্যশৈলীর নিদর্শন হিসেবে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই বোলোগোনা ক্যাম্পাস। যদিও কালের বিবর্তনে ক্যাম্পাসের পরিধি বেড়ে এটি এখন একটি ‘মাল্টিক্যাম্পাস’ বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে। এর ৫টি ক্যাম্পাস ইতালির আলাদা আলাদা শহরে রয়েছে।
‘টাইমস হাইয়ার এডুকেশন’ তাদের প্রকাশিত এক তালিকায় বোলোগনাকে সৌন্দর্যের দিক থেকে ইউরোপের সেরা অবস্থানে রেখেছে। তারা বলছে, বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বড় আকর্ষণ ‘পালাজ্জো পোগি’। যেটি তাদের বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই ভবনটিতে আছে মোট তিনটি জাদুঘর। যেগুলো কালের পর কাল ধরে প্রাকৃতিক ইতিহাস, অস্থিবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্রের নানা বিষয় প্রদর্শিত হয়ে আসছে।
কৃষি, অর্থনীতি ও ব্যবস্থাপনা, প্রকৌশল ও স্থাপত্য, শিক্ষা, মানবিক, ভাষা ও সাহিত্য, চিকিৎসাশাস্ত্র, আইন, পশু চিকিৎসাসহ শিক্ষার নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছে বিশ্ববিদ্যালয়টি। বোলোগনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা আবেদন করে নিজেদের যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ পায়।
লাইটনিউজ