গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতার চেক উপহার দেয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা পরিষদ চত্তরে ফারুক খান মিলনায়তনে এ চেক উপহার অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য মন্ত্রণালয় ও মুকসুদপুর প্রেসক্লাব।
সাংবাদিকদের হাতে এসব চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি। অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার ২৫ জন সাংবাদিককে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক উপহার দেয়া হয়। কিছুদিন পূর্বে আরও ১৭ জন সাংবাদিককে এ চেক উপহার দেয়া হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গোপালগঞ্জ জেলার সদস্য ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ।
রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি হায়দার হোসেন।
চেক বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পাক্ষিক মুকসুদপুর সংবাদ এর সম্পাদকমন্ডলীর সভাপতি ও মুকসুদপুর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবু এম ফারুক এবং মুকসুদপুর সংবাদ এর স্টাফ-রিপোর্টার ওমর আলী আত্মার মাগফেরাত কামনায় এক স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে স্মরণ সভার প্রধান অতিথি মুহাম্মদ ফারুক খান উপস্থিত সকলকে নিয়ে দোয়া পাঠ করেন।
লাইটনিউজ