তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোখে চোখ রেখে লড়াই করেছিল জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরের শতকে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় জিম্বাবুয়ে। তবে লোয়ার-অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত হেরে যায় সফরকারীরা।
আজ রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা। ব্যাট করতে নেমে ম্যাচের ষষ্ঠ ওভারে চিবাবার উইকেট হারায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের অধিনায়ককে ৬ রানে ফেরান অভিষিক্ত হারিস রৌফ। এরপর মোহাম্মদ মুসার বলে বোল্ড হয়ে ৩ রানে ফেরেন ক্রেইগ আরভিন।
দলের বিপর্যয়ে হাল ধরেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলর। ব্র্যায়ান চারির সঙ্গে জুটি বাঁধলেও লম্বা হয়নি। দলীয় ৫৯ রানের মাথায় চারিকে ২৫ রানে বিদায় করেন ফাহিম আশরাফ।
টেইলর এদিন দারুণ শুরু করেও থিতু হতে পারেননি। ইফতিখার আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৩৬ রান করে। তবে শেন উইলিয়ামসের দৃঢ়তায় মান বাঁচে জিম্বাবুয়ের।
উইলিয়ামস খেলেন ৭০ বলে ৭৬ রানের ইনিংস। শেষ দিকে ব্লেসিং মুজারাবানির ১৭, কার্ল মুম্বার ১১ রানে ভর করে ৪৫ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ২০৬ রান তোলে সফরকারীরা।
পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন ইফতিখার। এছাড়া ২টি নেন মুসা ও ১টি করে নেন রৌফ, ফাহিম ও ইমাদ ওয়াসিম।
লাইটনিউজ