কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের বৃদ্ধ কাছুম আলী (৭০) হত্যা মামলায় রেখা আক্তার (৩৫) ও হামিদা বেগম (৫৫) নামে দুই গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
রোববার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলার আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রেখা আক্তারের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বৃষ্টি আক্তারের (১৪) বিচারকার্য কিশোরগঞ্জের শিশু অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৪ মার্চ সকালে হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা প্রতিবেশী কমলা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে মারপিট করতে থাকে। এ সময় কমলা বেগমের বাবা বৃদ্ধ কাছুম আলী মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই কাছুম আলীর মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই হোসেনপুর থানায় নিহতের মেয়ে কমলা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই মো. নূর হোসেন অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ অক্টোবর আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য ও জেরা শেষে রোববার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে এপিপি জীবন কুমার রায় এবং আসামিপক্ষে অ্যাডভোকেট নূর মোহাম্মদ মামলাটি পরিচালনা করেন।
লাইটনিউজ