নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আবদুল হক (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আবদুল হক নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর করমুল্যা গ্রামের আমিন উল্যার ছেলে এবং স্থানীয় মান্নান গ্রুপের সমর্থক ছিলেন।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এওজবালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং বাবুল ডাক্তারের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এরা আওয়ামী লীগের দুইটি গ্রুপ। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষে আবদুল হক গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ফুফাতো ভাই ও এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
লাইটনিউজ