করোনা প্রতিরোধে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মাস্ক ব্যবহার না করায় নড়াইলের পুরাতন টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত সাত ব্যক্তিকে ৩১০০ টাকা জরিমানা করেছে। এ সময় ১৮ ব্যক্তিকে একই অপরাধে আটক করে সদর থানায় প্রেরণ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-বিন-শফিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
একই দিনে জেলার বিভিন্ন এলাকায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করার জন্য অভিযান চলার খবর পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে আটককৃতদের থানায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, মহামারি করোনার দ্বিতীয় ধাপ ঠেকাতে মূলত মাস্ক পরা বাধ্যতামূলক করার উদ্দেশ্যে এ সকল অভিযান পরিচালিত হচ্ছে।
লাইটনিউজ