মাগুরায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল এবং ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে যশোর সড়কের বড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাহারুল ইসলাম (২৬) সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং সোহাগ বিশ্বাস (৩০) জাগলা গ্রামের শাহাদত বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী তিনজন সদর উপজেলার জাগলা এলাকা থেকে শহরের দিকে ফিরছিলেন। পথে বড়খড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল এবং ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাহারুল ইসলামের মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল আরোহী অপর দুজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে চালক সোহাগ বিশ্বাসের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর আরোহী ইমরানকে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিরুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
লাইট নিউজ