এক সপ্তাহের ব্যবধানে নওগাঁর বাজারগুলোতে সব ধরনের চালের দাম বেড়েছে। যেখানে প্রকারভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকা বেশিতে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে নওগাঁর খুচরা বাজারে প্রতিকেজি স্বর্ণা- ৫ জাতের চাল আগে ছিল ৪০ টাকা বর্তমানে ৪৫ টাকা, জিরা- আগে ছিল ৫৪ বর্তমানে ৫৮ টাকা এবং কাটারিভোগ চাল আগে ছিল ৫৫ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। এছাড়াও অন্য সকল চালেই কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা।
নওগাঁ চাল বাজারের ব্যবসায়ী উত্তম কুমার জানান, হঠাৎ করে পাইকারি বাজারে চালের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এজন্য মোকাম থেকে বেশি দামে চাল কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে খুচরা বাজারে।
নওগাঁ চাল বাজার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মকবুল হোসেন জানান, মিলাররা হঠাৎ করেই বস্তা প্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেশিতে চাল বিক্রি করছে। ফলে খুচরা ব্যবসায়ীদের বেশি দামে চাল কিনতে হয়। মিলাররা সহজেই কম দামে বাজারে চাল ছাড়ে না। পাশাপাশি বাজারে চালের আমদানি কম। এজন্য চালের দাম এখন বেশি।
নওগাঁ জেলা মিল মালিক সমিতির সভাপতি বাবু জানান, বাজারে চালের দাম বেশি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এখন চিকন চালের শেষ সময়। এজন্য হয়তো কিছুটা চালের দাম বেড়েছে। তবে এবছর ধানের দাম বেশি ছিল। সে তুলনায় চালের দাম খুব একটা বেশি নয়। তবে আবহাওয়া ভালো হলে এই মৌসুমের চাল বাজারে আসলে চালের দাম স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
লাইট নিউজ