কুষ্টিয়ার অভিজাত মিষ্টি দোকানী অশোক দধি ভান্ডার নামের এক মিষ্টি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পঁচা বাসী মিষ্টি ও দধি সংরক্ষণের অপরাধে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া আরও চার রেস্টুরেন্ট মালিককে জরিমানা হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের এনএস রোড এলাকায় ভেজাল খাদ্যবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।
ওই অভিযানে অশোক দধি ভান্ডার ছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে একই এলাকার হাজী বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা, নবাব বিরিয়ানি হাউজকে ১০হাজার টাকা এবং মৌবন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৫ প্রতিষ্ঠানকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা বলেন, এটি ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
এদিকে র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান, কুষ্টিয়া শহরে যত্রতত্র গড়ে উঠেছে হোটেল-রেস্তোরাঁ। ঢাকার নামিদামি রেস্তোরাঁর নাম দিয়ে কুষ্টিয়া শহরের বেশকিছু এলাকায় গড়ে তোলা হয় বিরিয়ানির দোকান। যার মধ্যে হাজীর বিরিয়ানি এবং নান্না বিরিয়ানীর হেঁসেল ঘরে অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত চলছিল এসব নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হলে প্রশাসনের টনক নড়ে। এর ফলে আজকের এই অভিযানে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
লাইটনিউজ