যশোরের অভয়নগর উপজেলা সহকারী প্রগ্রামার (এপি) সঙ্গে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দ্বন্দ্বে ইউএনওকে জড়ানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে ২৯ ডিসেম্বর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১৬ কর্মকর্তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
১৬ কর্মকর্তা স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২২ ডিসেম্বর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেলের সঙ্গে এপি উত্তরা শতদ্রূ প্রাচীর দ্বন্দ্ব হয়। মোবাইল ফোনে এপির সঙ্গে অগ্রহণযোগ্য, শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করেন পিআইও। পরে ওই কথোপকথনের অডিও ক্লিপ গণমাধ্যমে ভাইরাল করা হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর পিআইওকে স্ট্যান্ড রিলিজ করে কর্তৃপক্ষ। পরবর্তীতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও জীবননাশের হুমকির সাতটি বিষয় তুলে ধরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খানকে জড়িয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন এপি।
অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে, প্রায় এক বছর ইউএনও নাজমুল হুসেইন খানের সঙ্গে তারা কাজ করছেন। দাপ্তরিক সকল কাজে ইউএনওর সহযোগিতা পেয়েছেন। ইউএনওর বিরুদ্ধে এপি আনীত অভিযোগ অসত্য ও অপপ্রচারমূলক কার্যক্রম যা সত্য নয়।
লাইটনিউজ