যুক্তরাজ্যে থেকে আসা যাত্রীদের ২৮ জনের করোনা শনাক্তের ঘটনায় তোলপাড়ের মধ্যে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি সিলেটে এলেন আরো ১৬৬ যাত্রী। এদের মধ্যে ১৫০ জন সিলেটের।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
তিনি বলেন, বিমানে মোট যাত্রী ছিলেন ১৬৬ জন এর মধ্যে সিলেটের ১৫০ জন। বাকি ১৬ জনকে নিয়ে ঢাকায় শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করেছে বিমানটি। বিমানবন্দরের সিলেটের ১৫০ জন যাত্রী নামার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কোয়ারেন্টিনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
মহানগর পুলিশ সূত্রে জানা যায়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যাওয়া যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটানিয়াতে ৩৮ জন, হোটেল অনুরাগে ১৯ জন, হোটেল নূরজাহানে ১৬ জন, হোটেল হলিগেইটে ৩৪ জন, হোটেল হলি সাইডে ১২, লা রোজে ১৮, স্টার প্যাসিফিকে ৩ জনকে রাখা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি বলেন, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নগরের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য পাঠানো হয়েছে।
লাইটনিউজ