ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে অভিষেকে ফিফটি দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করা সাদমানের নতুন শুরু। ইনজুরি কাটিয়ে প্রায় ১৩ মাস পর দলে ফিরে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পেলেন এই তরুণ ওপেনার।
১০ ম্যাচ পর পাওয়া ফিফটির ইনিংসটি সাদমান চাইলে হয়তো আরও লম্বা করতে পারতেন। সুযোগ থাকা সত্ত্বেও রিভিউ নেননি ২৫ বছর বয়সী এই ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই কেমার রোচের বলে বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করেন সাদমান। ১২৮তম বলে দারুণ এক কাভার ড্রাইভে পৌঁছে যান ফিফটিতে। তাতে ডট বল ছিল ঠিক ১০০টি, বাউন্ডারি ৬টি।
ফিফটির পর ইনিংস লম্বা করার সুযোগ পেয়েও আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ৫৯ রানে আউট সাদমান। এতে দায় ছিল সাদমানের নিজের ও মুশফিকুর রহিমেরও। চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের ভুল কলে এলবিডব্লিউ সাদমান।
বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লু হওয়া সাদমান অবশ্য রিভিউ নিলে বেঁচেও যেতেন। টিভি রিপ্লেতে দেখা যায়, বল চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে। কিন্তু অভিজ্ঞ মুশফিক আস্থা জোগাতে পারেননি সাদমানকে। যে কারণে রিভিউ নেয়ার সাহস পাননি সাদমান। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েই ফেরেন সাজঘরে।
সাদমানের বিদায়ে ১৩৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
লাইটনিউজ