জামালপুরের সরিষাবাড়ীতে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে চাঁন মিয়া চানু (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১টায় দিকে পৌরসভার সামনে সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া স্থানীয় এ আর জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও কুমলিবাড়ী গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁন মিয়া চানু আজ রবিবার দুপুরে নিজবাড়ী থেকে মোটরবাইকযোগে আরামনগর বাজারে যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে চাঁন মিয়া চানু ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক আশিকা আক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার বিকাল ৪টার দিকে সে মারা যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। ওই ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
লাইটনিউজ