ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়ায় শেষ পর্যন্ত ইংল্যান্ডের ক্রিকেটাররা লাভবান হয় বলে বিশ্বাস করেন দেশটির উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। যদি আইপিএলের কারণে তারা যদি কিছু আন্তর্জাতিক ম্যাচ মিসও করে, তারপরেও সেটা লাভ। গত পরশু চেন্নাইয়ে আইপিএলের ১৪তম আসরের নিলামে বেয়ারস্টোকে দলে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ।
বর্তমানে টেস্ট সিরিজ খেলার কারণে আহমেদাবাদে ইংল্যান্ডের ক্যাম্প থেকে নিলাম দেখেন বেয়ারস্টো। আহমেদাবাদেই হবে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট। আইপিএলের ১৪তম আসরে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। যা আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ মূল্যে কোনো ক্রিকেটারকে ক্রয়ের রেকর্ড। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।
আইপিএলের নিলামে ৭ কোটি রুপিতে ইংল্যান্ডের মঈন আলিকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। তার একদিন আগে ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টের জন্য মঈনকে ছেড়ে দেয় ইংল্যান্ড দল। বিদেশের মাটিতে বেশ কিছু সিরিজ থাকার কারণে ইতোপুুর্বে দলের অনেক ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। যার মধ্যে ছিল আইপিএলও। আইপিএলের প্লে-অফে অংশ নেয়ার কারণে আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনেক ক্রিকেটারই থাকছেন না। ২০২১ মৌসুমে ঘরের মাঠে এটি হবে ইংলিশদের প্রথম ম্যাচ ।
বেয়ারস্টো, বেন স্টোকস, জোফরা আর্চার, জশ বাটলার, স্যাম কারান ও মঈনের মত ক্রিকেটাররা ওই টেস্ট ম্যাচ মিস করতে পারেন।তবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই, আইপিএল অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছেন। প্রতিযোগিতা থেকে উপকৃত হয়েছেন বেয়ারস্টো, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি এখন ম্যাচে একটি অংশ। যদি ক্রিকেটাররা আইপিএলে যায় এবং তাদের দক্ষতার উন্নতি করে, তার অর্থ- এই নয় এটি কেবল মাত্র টি-টোয়েন্টি দক্ষতা। এটি ওয়ানডে ও টেস্টের দক্ষতাও বাড়ায়।’
৩১ বছর বয়সী বেয়ারস্টোর আরও বলেন, ‘এটি তিন ফরম্যাটকেই পরিপূর্ণ করে। বিশ্বের সেরা ক্রিকেটারদের সাথে খেলতে, বর্তমানে আমরা যে খেলছি, তার জন্য কন্ডিশনের উল্লেখ না করে এবং বিশেষভাবে এ বছরই ভারতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপনি যদি আমাদের বিদেশের মাাটিতে রেকর্ড লক্ষ্য করেন, তবে সর্বশেষ সাত টেস্টের ছয়টিতেই আমরা জিতেছি। গত ১২-১৪ টি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করেছি। এই ফলাফলগুলো শুধুমাত্র একটি ফরম্যাট থেকেই আসেনি।’
লাইটনিউজ