রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

দক্ষিণ পূর্ব এশিয়াকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়াকে ১০০ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১২ মার্চ) কোয়াডের প্রথম ভার্চ্যুয়াল শীর্ষ বৈঠকে চার দেশের নেতারা এই প্রতিশ্রুতি দিয়েছে। চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তার মোকাবিলায় ২০০৭ সালে গঠিত হয় কোয়াড।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই চারটি দেশ একজোট হয়ে করোনার টিকা তৈরির প্রক্রিয়ায় গতি আনতে সম্মত হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে বোঝাপড়া সুদৃঢ় করার জন্য তিনটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ভারতে উৎপাদন করা হবে। পরে তা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা উৎপাদনের জন্য অর্থায়ন করবে ইউএস ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশন (ডিএফসি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)।

প্রযুক্তি সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া অর্থ, লজিস্টিক সাপোর্ট এবং প্রশিক্ষণ দানসহ বিভিন্ন ভারত মহাসাগরীয় ও প্যাসিফিক আইল্যান্ডে টিকা পৌঁছে দেবে। সস্তায় ঋণ দেবে জাপান। এ ছাড়া ভ্যাকসিন বণ্টন করার কাজে নেওয়া হবে কোভ্যাক্স, ডব্লিউএইচও, গ্যাভি, আসিয়ান প্রভৃতি জোট ও সংস্থার সহায়তা।

কোয়াডের বৈঠকের উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভার্চ্যুয়াল এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। ইন্দো-প্যাসিফিকে চীনের প্রভাব বিস্তারকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ভারতের রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি উৎপাদন করবে।

শুক্রবার (১২ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে জনসনের এক ডোজের টিকা।

যুক্তরাষ্ট্র জানিয়ে প্রাথমিক অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ায় ডোজ সরবরাহের দিকে মনোনিবেশ করা হবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ভ্যাকসিনগুলি দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় ও তার বাইরেও সরবরাহ করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD