সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয়ে করোনা আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৪১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের আইসোলশনে তার মৃত্যু হয়। বর্তমানে তার বসবাসরত দুটি বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। সে উপজেলা সদর এলাকায় নতুন পাড়ার মৃত ইসলাম মিয়ার স্ত্রী।
শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবাল জানান, সুফিয়া বেগমের গত রবিবার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমীন রিমন বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার বসবাসরত দুইটি বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই উপজেলায়। ইতিমধ্যে সর্ব সাধারণকে সচেতন করতে মাস্ক না পড়ার জন্য বাসস্টেশন, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।