গাছ আর বাঁশ দিয়ে তৈরি সাঁকো। এক-দুইজন লোক উঠলেই নড়বড় করে। তাই ধীরে ধীরে চলতে হয়। বছরের পর বছর জোড়াতালি দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের চরবগলা খালের ওপর নির্মিত এই সাঁকোতে পারাপার হয় ছয় গ্রামের হাজারও মানুষ।
স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে মৌডুবি ইউনিয়নের হাফেজকান্দা, বাইলাবুনিয়া, বলিকান্দা, খাসমহল, ভূঁইয়াকান্দা ও চরবগলা গ্রামের যাতায়াত ব্যবস্থা সহজ করতে নিজেদের অর্থায়নে চরবগলা খালের ওপর বাঁশ এবং গাছ দিয়ে একটি সাঁকোটি নির্মাণ করেন গ্রামবাসী।
ফলে দুর্ভোগ কমলেও প্রত্যেক বছরে অন্তত একবার সাঁকোটি নিজেদের অর্থায়নে গ্রামবাসীকে মেরামত করতে হয়।
সরেজমিন দেখা গেছে, সাঁকোর বর্তমান অবস্থা নাজুক। সাবধানতার সঙ্গে পারাপার হতে হয়। তবুও বাধ্য হয়ে এ সেতু দিয়ে লোকজন চলাচল করে।
ভূঁইয়াকান্দা গ্রামের খোকন ভূঁইয়া বলেন, চরবগলা খালের ওপর সরকারিভাবে একটি সেতু নির্মাণ জনস্বার্থে প্রয়োজন। এই সাঁকো দিয়ে এখন আর চলাচল করা যায় না। লোকজন কোনোমতে পারাপার হয়। বাচ্চারা পারাপার হতে গিয়ে অনেক সময় পানিতেও পড়ে যায়। শুধু ছয় গ্রাম নয়, জাহাজমারা সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকরাও এই সাঁকোতে পারাপার হন।
মৌডুবি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনিরুল ইসলাম বলেন, জনদুর্ভোগ লাঘবে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হবে। আশা করি, সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, সাঁকোটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
লাইটনিউজ