পেটের ভেতর ইয়াবা নিয়ে টেকনাফ থেকে মানিকগঞ্জের সাটুরিয়ায় যাওয়ার পথে দুই যুবককে আটক করেছে র্যাব-৪। এদের মধ্যে একজন পেটের ভেতর দেড় হাজার পিস ইয়াবা বহন করছিল। আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশর ইউনিয়নের নাতুয়াবাড়ির মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে মো. আবির হোসেন (২৩) ও একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরিফ হোসেন (৩০)। এদের মধ্যে আবির হোসেন ইয়াবা পেটে ইয়াবা বহর করছিল।
র্যাব-৪-এর ক্রাইম প্রিভেনশন কম্পানি ৩ (মানিকগঞ্জ কার্যালয়)-এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর তাদের জিজ্ঞেস করলে আবির হোসেনের পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে আরিফ হোসেন। পরে আবির ও আরিফকে মানিকগঞ্জ সুপার ডায়াগনিস্ট ক্লিনিকে নিয়ে এক্স-রে করার পর পেটের ভেতরে অনেকেগুলো ছোট ছোট ইয়াবার প্যাকেটের অস্তিত্ব পাওয়া যায়।
তিনি আরো জানান, গতকাল সোমবার পেটের ভেতর ইয়াবা নিয়ে টেকনাফ থেকে মানিকগঞ্জের দৌলতপুরের উদ্দেশে রওনা হয় আবির ও আরিফ। ইয়াবা কেনার টাকা দেয় আরিফ হোসেন। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা করা হবে।
লাইটনিউজ