শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

গুজরাতের করোনা হাসপাতালে আগুন, মৃত্যু কমপক্ষে ১৮ জন রোগীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আবারও আগুন লাগল গুজরাতের করোনাভাইরাস হাসপাতালে। এতে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৮ জন রোগী মারা গেছেন। খবর এনডিটিভির।

শুক্রবার(৩০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে গিয়ে রাতভর চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, চারতলা বিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালটিতে কমপক্ষে ৫০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ১২ জন ঘটনাস্থলেই মারা যান। অন্য ছয়জনকে স্থানীয় অন্য একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদেরও শরীরের অধিকাংশ দগ্ধ হয়।

সংবাদ সংস্থা এএনআইতে ভাইরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিহ ছুদাসামা বলেন, ‘কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। সকালেই প্রকৃত সংখ্যাটা বলতে পারব।’ সেইসঙ্গে তাঁর আশঙ্কা ছিল যে মৃতের সংখ্যা অবশ্য আরও বাড়তে পারে। সেই আশঙ্কাই সত্যি হয়। শনিবার সকালে এক পুলিশ সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘সকাল সাড়ে ৬ টা পর্যন্ত যা খবর, তাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পরেই আমাদের কাছে ১২ জনের মৃত্যুর খবর ছিল।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের থেকেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে একাধিকবার গুজরাতের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।

এর আগে গত মার্চে ভদোদরা একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। উদ্ধার করা হয়েছিল ২৩ জনকে। তাঁদের ১৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। সেই ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। কয়েক দিন আগে সুরাতের একটি করোনা হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগেছিল। দায়িত্বপ্রাপ্তরা দাবি করেছিলেন, আগুনে কেউ হতাহত হননি। ১৬ জন রোগীকেই সুরক্ষিতভাবে শহরের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। যদিও পরে চারজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD