শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ভারতফেরত পাঁচ বাংলাদেশিকে কোয়ারেন্টিনে পাঠাল পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধি : ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ বাড়িতে ফেরত দুই পরিবারে পাঁচ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাস্থ্য বিভাগ ও পুলিশের যৌথ দল ওই দুই পরিবারের পাঁচ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠায়।

এর আগে গতকাল শনিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ বাংলাদেশি।

এরা হলেন- উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের আব্দুল করিমের ছেলে মমিনুল ইসলাম, একই ইউনিয়নের গজেরকুটি গ্রামের মৃত কপুর উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম, একই উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি গ্রামের আবু তালেব সরকার, তার স্ত্রী মাসুদা বেগম এবং মেয়ে তানবিন আক্তার। এদের মধ্যে মমিনুল ইসলাম কিডনি রোগের চিকিৎসার জন্য ভারতে যান। তার সফরসঙ্গী হিসেবে যান বন্ধু বুলবুল ইসলাম। আর আবু তালেব-মাসুদা বেগম দম্পতি তাদের মেয়ে তানবিনের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফুলবাড়ী পুলিশ জানান, ভারতে চিকিৎসা শেষে ওই পাঁচ বাংলাদেশি শনিবার সকালে লালমনিরহাট জেলার বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের সকলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। কিন্তু তারা হাসপাতালে না গিয়ে সরাসরি ফুলবাড়ী উপজেলায় নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে আজ রবিবার দুপুরে লালমনিরহাট পুলিশ বিষয়টি জানতে পেরে ফুলবাড়ী থানা পুলিশের শরণাপন্ন হলে ফুলবাড়ী থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ওই দুই পরিবারের পাঁচ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, ভারতফেরত পাঁচ পাসপোর্টধারী বাংলাদেশিকে লালমনিরহাট সদর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। লালমনিরহাট পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD