কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে প্রধান ফটকের সামনে দাড়িয়ে বুধবার কাঁদছিলেন রিকশাচালক জাকির হোসেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘করোনায় মরব না, না খেয়ে মরব’।
তিনি বলেন, লকডাউনের কারণে ঘরে খাবার নেই। ছেলে মেয়ে, স্ত্রী পুত্রসহ ৫ জনের সংসার। সংসার চলে রিকশা চালিয়ে। লকডাউনে রিকশা চালাতে না পারলে না খেয়ে থাকতে হবে ৫ জনকে। ঘরে খাবার নেই, কেউ খবর নেয়নি।
জাকিরের মতো এমন হাজারো রিকশাচালকের ঘরে খাবার নেই। যারা দিনে আয় করে দিনে এনে খায়।
বুড়িচং উপজেলার দেবপুর গনেশপুর রিকশাচালক জাকির হোসেন ও তার ভাই রাকিব হোসেন বলেন, ঘরে খাবার নেই কেউ খবর নেওয়ার মতো আমাদের কেউ নেই। রিকশা চালিয়ে সংসার চলে আমাদের। সরকারের প্রণোদনাও পাইনি। লকডাউন এর কারণে মানুষের চলাচল বন্ধ। আর রিকশার চাকা যদি না ঘুরে আমার সংসারের সবাইকে না খেয়ে থাকতে হয়। কাকে বলব আমাদের এই দুঃখ কষ্টের কথা? কে আমাদের সাহায্য করবে?
তারা বলেন, সারাদিন রিকশা চালিয়ে যা আয় করি তেল, ডাল, চাউল, নিয়ে ছেলে, মেয়ে, স্ত্রীর মুখে খাবার তুলে দেই। করোনার কারণে ভাড়া নেই বললেও চলে। প্রতিদিন ২০০ টাকা রোজগার করা যায় না। কী করে ছেলে মেয়ের মুখে খাবার দেব; কোনো পথ খোঁজে পাচ্ছি না।
জাকির হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের মতো যারা দৈনিক আয় করে সংসার চালায় তাদের কথা যদি একটু ভাবেন, তাহলে আমাদের মতো অসহায় গরীব মানুষেরা বেঁচে থাকবে। তা না হলে আমাদের মরতে হবে না খেয়ে। করোনায় মরবো না।
তিনি মিডিয়াকে গরীব অসহায় মানুষেরা কিভাবে বেঁচে আছে তা একটু তুলে ধরার জন্য অনুরোধ করেন। বলেন, টেলিভিশন টিভিতে শুনি সরকার কোটি কোটি টাকা প্রণোদনা দিয়েছেন এগুলো কার জন্য, কারা পায় জানি না। আমি পাইনি। আমার জানা মতে- বুড়িচং দেবপুর গনেশপুর কোনো রিকশাওয়ালা সরকারের সাহায্য পায়নি।