দিনাজপুরের বোচাগঞ্জে এবার কোরবানির হাটে দেখা মিলতে যাচ্ছে দুম্বার। শখের বশে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা আনেন বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী আব্দুল হান্নান। মরু অঞ্চলের দুম্বা সঠিকভাবে পরিচর্চা করলে যেকোনো দেশে খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব।
জানা যায়, বোচাগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিল্পাঞ্চলের রামদাস পাড়ায় গড়ে ওঠা মেসার্স জহুরা ইন্ডাস্ট্রিজের তত্ত্বাবধানে দুম্বার খামারটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তার খামারে দুম্বার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। খামারটি একনজর দেখার জন্য প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।
দুম্বা খামারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, তিনি শখের বশে দুম্বাগুলো লালন-পালন করেছেন। পরবর্তীতে এটির পরিধি বাড়িয়ে একটি খামারে পরিণত করেন। এবার ঈদুল আজহার হাটে আমার খামারের দুম্বা দেখা যাবে। ইচ্ছে করলেই যে কেউ আমার খামারের দুম্বা কোরবানির জন্য ক্রয় করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন এক একটি দুম্বা ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করা হবে।
বোচাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছালাম জানান, মরু অঞ্চলের এসব প্রাণী যেকোনো পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালন-পালন করা যায়। অনেকেই এটাকে বাণিজ্যিকভাবে নিতে পারে। বোচাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে একটি ব্যতিক্রমী খামার হিসেবে সবার নজর কেড়েছে।