মহামারির শুরুর দিকে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির মরদেহ দাফন নিয়ে সংকট দেখা দেয় লক্ষ্মীপুর জুড়ে। সংক্রমণের আশঙ্কায় একাজে লোকজনের অনীহা সৃষ্টি হয়। এরকম মৃত্যুর খবর শুনলেই স্বজন ও প্রতিবেশীরা নিরাপদ দূরত্বে গা ঢাকা দিত। এমন পরিস্থিতিতে জেলায় প্রথমবারের মতো এগিয়ে আসে স্থানীয় ১৫ তরুণ-তরুণীর ‘নন্দন টিম’। এদের কারোরই দাফন কাজের পূর্ব অভিজ্ঞতা নেই। তবুও সময়ের প্রয়োজনে মনের ভয়কে জয় করে তারা নেমে পড়ে দাফন ও সৎকার কাজে। এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত ২৬ মরদেহ দাফন ও সৎকার কার্য সম্পাদন করে তারা। সারাদিনই ওরা প্রস্তুত থাকে কখন কোন মৃত্যুর খবর আসে সেই অপেক্ষায়। কি দিন কি রাত খবর পেলেই ওরা পিপি, গ্লাভস, বুট পরে ছুটে যায় সেখানে। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সম্পন্ন করে দাফন ও সৎকার কাজ।
দাফন ও সৎকার কাজে স্বেচ্ছায় উদ্বুদ্ধ ‘নন্দন টিম’ এর প্রধান রাজু আহমেদ জানান, পরিস্থিতির আলোকে সংকট পরিলক্ষিত হলে সামাজিক দায়বদ্ধতা থেকে তারা একাজের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমদিকে দাফনের কাজ শেষ করে বাড়ি ফিরলে পরিবারের লোকজনও তাদের কাছাকাছি আসতো না বলে জানান তিনি। এখন অবশ্য তেমন পরিস্থিতি নেই।
তিনি জানান, কাজের শুরুতে স্থানীয় লায়ন ক্লাবের পৃষ্ঠপোষকতায় তারা টিমের জন্য পিপি, গ্লাভস, গামবুট, হ্যন্ড স্যানিটাইজার সরবরাহ করে। তবে যাতায়াতের জন্য মাইক্রো ভাড়া তারা টিমের সদস্যরা চাঁদা দিয়ে ম্যানেজ করে। পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় কয়েক সমাজ হিতৈষী তাদেরকে উপাদান সহযোগীতায় এগিয়ে আসেন। এতে দারুণভাবে উৎসাহিত হয় তারা।
কাজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, গত বছর আগস্টের ২০ তারিখ সদর উপজেলার পার্বতীনগর এলাকার একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে তারা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন ওই ব্যক্তির স্বজনসহ প্রতিবেশী কেউই সেখানে উপস্থিত নেই। শুধু ঘরে পড়ে আছে মরদেহ। পরে তারা নিজেরাই মৃতদেহের গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার কাজ সম্পন্ন করে দাফন শেষ করে।
চন্দ্রগঞ্জ এলাকায় রাত আড়াইটার দিকে একজন কৃষি কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে পড়েন অন্যরকম বিপাকে। তিনি ছিলেন হিন্দু ধর্মের। তার মৃত্যুর পরও স্বজন ও প্রতিবেশীরা গা ঢাকা দেয় । পরে নন্দন টিম এর সদস্যরা তার মৃতদেহ শ্মশানে নিয়ে যায়। সেখানে ঠাকুর শ্মশান থেকে অনেক দূরে অবস্থান নেন। দূর থেকে ঠাকুর মন্ত্র উচ্চারণ করলে ওরা সেই মন্ত্র মুখে মুখে মরদেহ পর্যন্ত পৌঁছিয়ে এক রকমভাবে সৎকার কার্য শেষ করেন।
দাফন ও সৎকার কাজে এরকম নানান অভিজ্ঞতা রয়েছে নন্দন টিমের সদস্যদের। এসব কাজ করতে করতে ওদের মনের ভেতরে নানান দাগ কেটে যায়। প্রায় সকল সদস্যই ঘুমের ঘোরে বিরূপ স্বপ্নে আঁতকে উঠেন। তবুও থেমে নেই ওদের সামাজিক দায়বদ্ধতার এমন পথচলা।
স্থানীয় সামাজিক আন্দোলনের নেতা আসাদুজ্জামান, আবুল খায়েরসহ অনেকেই জানান, স্বেচ্ছায় প্রণোদিত হয়ে ওদের ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার।
‘নন্দন টিম’ এর সদস্যরা হলো, রাজু আহমেদ, রাজন মোল্লা, ফাহাদ, হিজবুল বাহার, তানিয়া আক্তার, আমেনা আক্তার, রূবিনা বেগম, মাহামুদুর রহমান, জুয়েল, পারভেজ, সুজন,সৌরভ, হিমু, নীরব ও রিয়াদ হোসেন।
১৫ তরুণ-তরুণীর এই টিমটি মরদেহ দাফন ও সৎকার কাজ ছাড়াও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম করে থাকে। এ পর্যন্ত তারা শতাধিক মুমূর্ষ রোগীকে রক্তদান করেও স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছেন।